টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা ধরে রাখার মিশনে তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন বিশ্বের এক নম্বর তারকা ইয়ানিক সিনার। তবে রড লেভার অ্যারেনায় স্থানীয় ওয়াইল্ডকার্ড ট্রিস্টান স্কুলকেটের বিপক্ষে শুরুতে কঠিন পরীক্ষার মুখোমুখি হন তিনি। ১৮৩ মিনিটের লড়াই শেষে ৪-৬, ৬-৪, ৬-১, ৬-৩ গেমে জয় তুলে নেন সিনার।
২৩ বছর বয়সী অস্ট্রেলিয়ান স্কুলকেট ম্যাচের প্রথম সেটেই দুর্দান্ত পারফর্ম করেন, যা প্রায় ১৫ হাজার দর্শকের মন জয় করে। টানা পাঁচ বছর যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর মূল পর্বে জায়গা করে নেওয়া স্কুলকেট দেখিয়ে দেন, তিনি সর্বোচ্চ পর্যায়ে খেলার যোগ্য।
প্রথম সেটে স্কুলকেটের উজ্জ্বলতায় অপ্রস্তুত দেখায় সিনারকে। ৫-৪ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় স্কুলকেট ০-৪০ স্কোরে পৌঁছে যান, এবং তার সাফল্যে 'অজি, অজি, অজি' ধ্বনিতে মুখরিত হয় গ্যালারি। এই সেট জিতে হাত উঁচিয়ে উদযাপন করেন স্কুলকেট।
তবে দ্বিতীয় সেট থেকে সিনারের ক্লাস ফুটে ওঠে। ৪০টি দুর্দান্ত উইনার শট মেরে শেষ পর্যন্ত ম্যাচে আধিপত্য প্রতিষ্ঠা করেন ইতালিয়ান তারকা। শেষ তিন সেটে স্কুলকেট কোনো ব্রেক পয়েন্ট সুযোগই পাননি।
ম্যাচ শেষে সিনার বলেন, 'প্রথম সেটে ওর সার্ভ এবং ভলির গুণ ছিল অসাধারণ। এমন ম্যাচ খুব সহজেই হাতছাড়া হয়ে যেতে পারে। আমি খুশি যে পরিস্থিতি ভালোভাবে সামলাতে পেরেছি।'
২০২৪ সালে দুটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতা সিনার এখনো সেরা ফর্মে নেই, তবে তার আত্মবিশ্বাস অটুট। 'আমার খেলায় উন্নতির সুযোগ আছে, এবং পরের রাউন্ডে তা দেখানোর চেষ্টা করব,' তিনি বলেন। পরের রাউন্ডে সিনারের প্রতিপক্ষ মার্কিন তারকা মার্কোস গিরন, যিনি পাঁচ সেটের লড়াইয়ে টমাস মার্টিন এটচেভেরিকে হারিয়ে এসেছেন।
পরাজয়ের পরও স্কুলকেটের আত্মবিশ্বাসে ভাটা পড়েনি। তিনি বলেন, 'এই পারফরম্যান্স আমাকে বিশ্বাস দিচ্ছে, আমি সঠিক পথে আছি। যদি আরও উন্নতি করতে পারি, ভবিষ্যতে এমন তারকাদের কাছ থেকে হয়তো সেট কিংবা ম্যাচও ছিনিয়ে নিতে পারব।'
সিনার এবং স্কুলকেটের এই লড়াই শুধু ম্যাচ নয়, দুই তারকার নিজ নিজ যাত্রার প্রতিচ্ছবি হয়ে থাকল। একজন যেখানে শিরোপার লড়াইয়ে এগোচ্ছেন, অন্যজন সেখানে দেখাচ্ছেন ভবিষ্যতের সম্ভাবনা।