মুন্সীগঞ্জে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই

চালককে অচেতন করে মুন্সীগঞ্জের শ্রীনগরে দিনেদুপুরে ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় এ ঘটনা ঘটে। 

অচেতন অবস্থায় অটোরিকশা চালক রাসেল খাঁকে (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার বাঘরা ইউনিয়নের জাহানাবাজ উত্তর নলটেক গ্রামের আইয়ুব আলী খাঁর ছেলে।

অটোরিকশা চালক রাসেলের মা রহিমা বেগম জানান, প্রতিবেশীর কাছ থেকে ভাড়ায় অটোরিকশাটি চালাতো তার ছেলে। সকালে অটোরিকশা নিয়ে বের হয়েছিলো। দুপুরে খবর পান তার ছেলেকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে কে বা কারা। এখন অটোরিকশা মালিককে এক লাখ টাকা জরিমানা দিতে হবে তার। 

চালক রাসেল খাঁ জানান, নেশা জাতীয় দ্রব্য খাইয়ে তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারী চক্র। এছাড়া আর কোন কথা মনে নেই তার।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শারমিন জানান, অচেতন অবস্থায় অটোরিকশা চালককে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে। 

শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই মাফরোজা খানম জানান, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।