চট্টগ্রামের হোম ভেন্যুতে দর্শকদের দারুণ এক জয় উপহার দিল চিটাগাং কিংস। গ্রাহাম ক্লার্কের চোখ ধাঁধানো সেঞ্চুরিতে ভর করে বিপিএলের ২২তম ম্যাচে খুলনা টাইগার্সকে ৪৫ রানে হারিয়েছে মোহাম্মদ মিঠুনের দল। এ জয়ে টানা চার ম্যাচে অপরাজিত থেকে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলো তারা।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে চিটাগাং। ১৮ রানে ওপেনার উসমান খানকে (১০) হারায় তারা। তবে সেখান থেকে পারভেজ হোসেন ইমন ও গ্রাহাম ক্লার্ক খুলনার বোলারদের কঠিন পরীক্ষায় ফেলেন। দ্বিতীয় উইকেটে দুজনের ১২৮ রানের ঝোড়ো জুটি চিটাগাংয়ের ইনিংসকে শক্ত ভিত দেয়।
ইংলিশ ব্যাটার ক্লার্ক ছিলেন দুর্বার। ৫০ বলে ১০১ রানের ইনিংসটি সাজান ৭ চার ও ৬ ছক্কায়। বিপিএলের চলতি আসরে এটি তার প্রথম সেঞ্চুরি। ক্লার্কের বিদায়ের পর শেষদিকে শামিম হোসেন ও মোহাম্মদ মিঠুনের ছোট ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে চিটাগাং কিংস তোলে ২০০ রান।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ছন্দহীন ছিল খুলনা টাইগার্সের ব্যাটিং লাইনআপ। ওপেনার রাসুলি ৩৭ রান করে লড়াইয়ের আভাস দিলেও বাকিরা উইকেটে থিতু হতে পারেননি। মোহাম্মদ নেওয়াজের ২৫ রান ছাড়া আর কেউই দৃষ্টিগ্রাহ্য পারফরম্যান্স করতে পারেননি।
চিটাগাংয়ের হয়ে বল হাতে আরফাত সানি (৩/২৩) ও খালেদ আহমেদ (২/২৮) খুলনার ব্যাটিং ধসের মূল স্থপতি। খুলনার ইনিংস শেষ হয় ২০ ওভারে ১৫৫ রানে।
এই জয়ের পর ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলো চিটাগাং কিংস। সমান পয়েন্ট থাকলেও রানরেটে পিছিয়ে তৃতীয় স্থানে ফরচুন বরিশাল। অপরদিকে, ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স।
সংক্ষিপ্ত স্কোর
চিটাগাং কিংস: ২০০/৭ (ক্লার্ক ১০১, ইমন ২৯; নেওয়াজ ৩/২৯, সালমান ৩/৩১)
খুলনা টাইগার্স: ১৫৫/৯ (রাসুলি ৩৭, নেওয়াজ ২৫; সানি ৩/২৩, খালেদ ২/২৮)
ফল: চিটাগাং কিংস ৪৫ রানে জয়ী।