নতুনত্ব না থাকলে কাজ করি না

প্রায় ৩৫০টি নাটক নির্মাণ করেছেন। পাশাপাশি বানিয়েছেন বিজ্ঞাপনও। বাদ যায়নি বড় পর্দা। নির্মাণ করেছেন সিনেমাও। নতুন বছরে নতুন ঘোষণা নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছেন তপু খান। তার আসন্ন কাজ ও পরিকল্পনার কথা শুনেছেন ইমরুল নূর

বছর শুরু নাটকে

নতুন বছরের শুরুটা নাটক দিয়েই হয়েছে। বছরের প্রথম দিনেই উন্মুক্ত হয়েছে ‘কবিতায় প্রেম’ নাটকটি। অন্তর্জালে আসার পর কাজটি থেকে দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছি। কাজটি নিয়ে একটিও নেগেটিভ মন্তব্য পাইনি, যা পেয়েছি সব ইতিবাচক। বিশেষ করে এমনও মন্তব্য পেয়েছি অনেক শিল্পীর কাছ থেকে যে, আমাদের কখনো স্ক্রিনে এমন এন্ট্রি দেন না। খুবই প্রশংসনীয়। এর কারণ ছিল, এখানে গানের দৃশ্যে জোভান এবং পায়েলের এন্ট্রিটা সবার কাছে অনেক ভালো লেগেছে। কারণ নতুনত্ব ছিল। সব মিলিয়ে খুবই ভালো ফিডব্যাক পেয়েছি, প্রযোজকও খুশি।

ভালোবাসা দিবসে ‘প্রথম’

আসছে ভালোবাসা দিবসের জন্য নতুন একটি বিশেষ প্রজেক্ট করতে যাচ্ছি। নাটকটির নাম ‘প্রথম’। এখানে জুটি বাঁধছেন তৌসিফ মাহবুব এবং কেয়া পায়েল। আপাতত একটাই করছি। এখন তো সেভাবে আগের মতো কাজ করি না।

অধিক কাজে অনীহা

আগে এমনও সময় গিয়েছে যে বিভিন্ন উৎসবে ১৮-১৯টা কাজ যেত আমার। এখন একটু কমিয়ে দিয়েছি। দর্শক এখন নতুন কিছু দেখতে চায়, আমিও নতুন কিছু দেখাতে চাই। তাই এখন গল্পে নতুনত্ব না থাকলে কাজ করি না। কাজ একটা হোক কিন্তু সেটা আমার মতো করে হতে হবে, নতুনত্ব থাকতে হবে। সম্প্রতি যে কাজগুলোই করেছি সবগুলোতেই কোনো না কোনো নতুনত্ব আছে, যার কারণে দর্শক পছন্দ করেছে। সর্বশেষ করা ‘কবিতায় প্রেম’ নাটকেও নতুনত্ব ছিল। এখানে কাব্য, সাহিত্য, আবেগ, সিরিয়াস সবকিছুই ছিল। তা ছাড়া জোভান কখনো লিপ সিং করেনি, এখানে সেটা করেছে প্রথমবার।

ওটিটিতে অনুপস্থিত

আনঅফিশিয়ালভাবে বলতে গেলে ওটিটিতে আমার কাজ গিয়েছে। অনেকগুলো নাটক করেছি, যেগুলো পরে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে কনটেন্ট হিসেবে রিলিজ হয়েছে। কিন্তু অফিশিয়ালি এখনো ওটিটিতে আমার কাজ করা হয়নি এখনো। তবে একটা প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে। এখন স্ক্রিপ্টিং চলছে। এটা শেষ করে হয়তো শিগগিরই ঘোষণা দিতে পারব।

এক সিনেমায় বিরতি

বিরতিটা এজন্য নিয়েছি, কারণ আমার প্রথম সিনেমা ‘লিডার : আমি বাংলাদেশ’ থেকে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, তাড়াহুড়ো করে আবার কিছু বানিয়ে সেই ভালোবাসার জায়গাটা নষ্ট করতে চাই না। শাকিব ভাইকে আমি একটু অন্যরকমভাবেই উপস্থাপন করেছি, যেটা দর্শক থেকে শুরু করে সবাই বলেছেন, প্রশংসা করেছেন। এর মধ্যে বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব এলেও সেগুলো ফিরিয়ে দিয়েছি। কারণ, আমার মনমতো হয়নি। একটি সিনেমা নিয়ে কথা এগিয়েও ছিল, সাইনিং হয়ে গিয়েছিল কিন্তু প্রযোজক দেশের বাইরে রয়েছেন। ফিরলে কাজ শুরু হবে।  আমি লার্জার দ্যান লাইফ কিছু করতে চাই, যা বাংলাদেশে আগে কখনো হয়নি। আমার কাছে সে রকম গল্প আছে কিন্তু এই প্রজেক্ট করতে গেলে দু-তিনজন প্রযোজক লাগবে। তাহলেই সেটা করতে পারব।

বর্তমান সিনেমা ইন্ডাস্ট্রি

গণঅভ্যুত্থানের পর দেশের অবস্থা অনেকটাই নাজুক। আমাদের ইন্ডাস্ট্রিও তাই। তবে একটু একটু করে সবকিছু ঠিক হচ্ছে। কিন্তু আগের মতো করে কিন্তু অনেক বেশি কাজ হচ্ছে না। আজ থেকে দুই বছর আগে আমি আমার সিনেমাতেই গণঅভ্যুত্থানের গল্প দেখিয়েছি, যেখানে শাকিব খান ছিল সমন্বয়কের ভূমিকায়। যদিও সেখানে এই শব্দটি আমরা উচ্চারণ করিনি কিন্তু তার ভূমিকা কিন্তু এটাই ছিল। এখন সারা দেশই এ শব্দটির সঙ্গে পরিচিত।