স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫ গোল দিয়েছিল বার্সেলোনা। বুধবার ফের ম্যাচে ৫ গোল দিল কাতালান ক্লাবটি। এবার বার্সেলোনা ৫-১ গোলে রিয়াল বেতিসকে হারিয়েছে কোপা দেল রেতে। কোপা দেল রের শেষ ষোলোর এই ম্যাচে বার্সেলোনার পাঁচ খেলোয়াড় গোল করেছেন। মজার বিষয় প্রতিপক্ষ দলের হয়ে গোল করা খেলোয়াড়টিও বার্সার। না সেটি আত্মঘাতী গোল নয়। বেতিসের গোলটি করেন ভিতর রকি, তিনিও বার্সার খেলোয়াড়, তবে ধারে খেলছেন বেতিসে।
অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখায় বার্সেলোনা। ম্যাচে শুরুর একাদশে ছিলেন না রবার্ট লেভানডফস্কি। গোল না পেলেও দুটি অ্যাসিস্ট করেন দানি ওলমো। তৃতীয় মিনিটে প্রথম সুযোগেই এগিয়ে যায় বার্সেলোনা। বক্সে ওলমোর পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে জালে পাঠান গাভি। গোলের পর উদযাপন করেননি ২০ বছর বয়সী স্প্যানিশ এই মিডফিল্ডার। কারণ বেতিসের যুব একাডেমি থেকেই যে বার্সেলোনার একাডেমিতে যোগ দিয়েছিলেন তিনি। নবম মিনিটে ওলমোর শট ঠেকান বেতিসের গোলকিপার। ২০ মিনিটে তার আরেকটি শট পোস্টে লাগে। ২৭ মিনিটে ইয়ামালের পাস থেকে ব্যবধান বাড়ান কুন্দে। ইয়ামালের আরেকটি পাসে কুন্দে জালে বল পাঠিয়ে উল্লাসে মাতলেও, ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।
৫৫ মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রসে বল জালে পাঠান ইয়ামাল, সেটিও বাতিল হয় ভিএআরে অফসাইডের কারণে। তিন মিনিট পরই গোল করেন রাফিনহা। মৌসুমে বার্সার হয়ে এটি রাফিনহার ২০তম গোল। টানা দুই ম্যাচে গোল পেলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ৬৪ মিনিটে রাফিনহার বদলি নেমে তিন মিনিট পর স্কোরলাইন ৪-০ করেন ফেররান তরেস। ৭৫ মিনিটে গোলের দেখা পান ইয়ামাল। লাইনসম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও, ভিএআরে বদলায় সিদ্ধান্ত। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিতর রকি।
ম্যাচের পর গাভিকে প্রশ্ন করা হয়েছিল ইয়ামালকে নিয়ে। জানতে চাওয়া হয়েছিল ইয়ামাল বর্তমান সময়ের সেরা ফুটবলার কি না। গাভি উত্তরে বলেন, ‘হ্যাঁ, সে সেরা। মেসির পর সে (ইয়ামাল) সেরা।’ ইয়ামালকে নিয়ে গাভির এই মূল্যায়ন সম্পর্কে পরে জিজ্ঞেস করা হয় বার্সেলোনার কোচ ফ্লিককেও। তিনি বলেন, ‘আপনারা জানেন, গাভি একটু আবেগপ্রবণ। কাজেই আমিও বলছি, হ্যাঁ (মেসির পর ইয়ামাল সেরা)। এটা তো সবাই দেখতেই পাচ্ছে।’