বিদ্যালয়ে মোবাইল ফোন আনায় ৭ ছাত্রীকে পিটিয়ে আহত করলেন প্রধান শিক্ষক

বিদ্যালয়ে মোবাইল ফোন আনায় ৭ ছাত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে।  বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুর ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

আহত শিক্ষার্থীরা হল, অষ্টম শ্রেনীর ছাত্রী মোসাম্মৎ জান্নাতী,  ইসরাত জাহান রূমকী, নবম শ্রেনীর ছাত্রী জান্নাতী আক্তার, দশম শ্রেনীর ছাত্রী সিপু আক্তার, আয়শা মনি, সুমা বেগম। আহতরা বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে,   আগামী ২৮ জানুয়ারী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক অনুষ্ঠানের কথা রয়েছে। সে জন্য ক্লাস শেষে কয়েকজন ছাত্রী দলীয় নৃত্যে অংশ নেয়ার উদ্দেশ্যে মোবাইল ফোনে গান বাজিয়ে নাচ শিখছিল।  বিদ্যালয়ে মোবাইল ফোন আনায় তিনি ক্ষিপ্ত হয়ে ছাত্রীদেরকে বেত দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেন। 

এ ঘটনায় বিদ্যালয়ের বিক্ষুব্ধ স্থানীয় জনতা উত্তেজিত হয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক তোফাজ্জেল হোসেনকে গণপিটুনি দিয়ে লাইব্রেরি কক্ষে তালাবদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঝালকাঠি সদর হাসপাতাল সূত্রে জানা যায়, আহত ০৭ শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে চারজনকে ভর্তি রেখে বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।