যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের মেয়াদ শেষের পথে। আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান এই নেতার কাছে দায়িত্ব হস্তান্তরের আগে জাতির উদ্দেশ্যে নিজের বিদায়ী ভাষণ দিয়েছেন জো বাইডেন। বুধবার হোয়াইট হাউজের ওভাল অফিস থেকে দেওয়া এই ভাষণে যুক্তরাষ্ট্রে বিপজ্জনক গোষ্ঠীশাসন প্রতিষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।
হোয়াইট হাউজে তার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্পের নাম না নিলেও, বিদায়ী ভাষণে বাইডেনের নিশানা ছিল স্পষ্ট। তিনি বলেন, বিপুল সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি নিয়ে একটি অভিজাত গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এই পরিস্থিতি দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য বিপজ্জনক। আমাদের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য অগ্রণী ভূমিকা নিতে হবে। তিনি আরও বলেন, নির্দিষ্ট কিছু ধনী মানুষের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার প্রবণতা বাড়ছে।
প্রভূত বিত্তশালী ও তাদের ক্ষমতা ও প্রভাব আমাদের গোটা গণতন্ত্রকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। আমাদের মূল স্বাধীনতা ও অধিকার বিপণœ হতে পারে।
বিদায়ী প্রেসিডেন্ট অতিধনিক প্রযুক্তি শিল্প কমপ্লেক্স সম্পর্কেও জনগণকে সতর্ক করেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এটি নিয়ন্ত্রণহীন ক্ষমতা অর্জন করতে পারে। দেশের জন্য তা সত্যিকার অর্থে বিপদ ডেকে আনতে পারে। বাইডেন তার ভাষণে সামাজিক যোগাযোগমাধ্যমকে আক্রমণ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ ভুল তথ্য ও অপ তথ্যের নিচে চাপা পড়ে যাচ্ছে। মিথ্যা তথ্য ছড়িয়ে ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। সংবাদমাধ্যমের স্বাধীনতাও বিপদের মুখে। সামাজিক যোগাযোগমাধ্যম গুলোকে জবাবদিহির আহ্বান জানান তিনি।
কৃত্রিম বুদ্ধিমত্তায় বিপুল সম্ভাবনা দেখলেও এর বিপদ সম্পর্কে সতর্ক করেন বাইডেন। তিনি বলেন, এআই বিপুল সম্ভাবনা উপহার দিতে পারে। তবে এ ক্ষেত্রে প্রহরা না থাকলে তা নতুন হুমকির জন্ম দিতে পারে। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তার অর্জনকে হুমকির মুখে ফেলেছে প্রভাবশালী শক্তি। ক্ষমতা ও মুনাফার স্বার্থে তারা এই কাজ করছে।
বিদায়ী বেলায় তার প্রশাসনের সাফল্যের জন্য গর্বিত বলে জানান যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট। তবে নানা সতর্কতা জানালেও, আশাবাদী বক্তব্যের মধ্য দিয়ে নিজের ভাষণ শেষ করেন বাইডেন। জনগণের উদ্দেশে বাইডেন বলেন, এখন দেশের জনগণের প্রহরীর ভূমিকা পালন করার পালা। দেশ সম্পর্কে তার আশাবাদী দৃষ্টিভঙ্গি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন তিনি।