বালু নিয়ে খেলা করায় শিশুকে পুকুরে নিক্ষেপ

কুমিল্লার বুড়িচংয়ে সড়কের বালু নিয়ে খেলা করায় মিফতাহুল মাওয়া (৪) নামের এক শিশুকে পুকুরের পানিতে ফেলে দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার বুড়িচং গ্রামের পূর্ব পাড়ায় মঞ্জুর আলী সর্দারের বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটি একই গ্রামের নজির আহম্মেদের মেয়ে। এ ঘটনায় গতকাল শিশুটির মা শামসুর নাহার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বুড়িচং গ্রামের শাহাজাহান মাস্টার তার বাড়িতে চলাচলের জন্য রাস্তা তৈরির উদ্দেশ্যে বালু আনেন। শিশু কন্যা মিফতাহুল মাওয়া ওই বালু নিয়ে খেলা করছিল। তা দেখে শাহাজাহান মাস্টার রাগান্বিত হয়ে মিফতাহুল মাওয়াকে পুকুরের পানিতে ফেলে দেয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে শিশুটি অল্পের জন্য বেঁচে যায়।

শিশুটির মা শামসুর নাহার জানান, খবর পেয়ে ছুটে এসে মিফতাহুলকে হাসপাতালে ভর্তি করান। অভিযুক্ত শাহজাহান মাস্টার বলেন, ‘শিশুটি আমার বালু নষ্ট করেছে। ভয় দেখানোর জন্য আমি তাকে অল্প পানিতে ফেলে দিয়েছি।’