দুই সমন্বয়কের বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিজয় (২৬) ও রোমন (২৫) নামে দুই সমন্বয়কের বিরুদ্ধে মাছ ব্যবসায়ীকে মারধর করে ৬ লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) দুই সমন্বয়কসহ চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মাছ ব্যবসায়ী জান্নাতুল ফেরদৌস (২৯)। গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত দুই সম্বনয়ক বিজয় উপজেলার বাকুরচর গ্রামের নজরুল ইসলামের ছেলে বিজয় (২৬) ও একই এলাকার রুমন মিয়া (২৫)। ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌস উপজেলার বালিজুড়ী এলাকার মো.ইউসুফ আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ থানা মোড় এলাকায় মৎস্য আড়তে মাছের ব্যবসা করেন উপজেলার বালিজুড়ী এলাকার জান্নাতুল ফেরদৌস। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার মাছের আড়তের হিসাব শেষ করে ক্যাশের নগদ টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে তিনি রওনা দেন। পথে এক ফাঁকা জায়গায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা উপজেলার বাকুরচর গ্রামের আনন্দ (২৭), মনির (২২), সমন্বয়ক বিজয় ও রোমনসহ আরও ৭ থেকে ৮ জন দেশিয় অস্ত্র নিয়ে জান্নাতুল ফেরদৌসের ওপর হামলা করে। এতে ব্যবসায়ী জান্নাতুল ফেরদৌস গুরুত্বর আহত হয়। এ সময় তার শপিং ব্যাগে থাকা ৪ লাখ ২০ হাজার ও প্যান্টের পকেটে রাখা ২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরের দিকে ওই চার জনের নামে ও অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে মাদারগঞ্জ মডেল থানায় অভিযোগ দিয়েছেন মাছ ব্যবসায়ী জান্নাতুল ফেরদৌস।

ব্যবসায়ী জান্নাতুল ফেরদৌস অভিযোগ করেন, সমন্বয়ক বিজয় ও সমন্বক রুমনের নেতৃত্বে বেশ কয়েকজন অতর্কিত আমার ওপর হামলা করে। আমার কাছে থাকা ৬ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এছাড়াও বিজয় ও রোমনের বিরুদ্ধে সমন্বয়কের পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, তারা আন্দোলনে  অংশগ্রহণ করে এবং তাদের অনেক অবদান রয়েছে। প্রতিপক্ষরা ফাঁসানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। আমরা সেখানে যাচ্ছি। বিষয়টি খোঁজ খবর নিয়ে সঠিক বিষয় পরবর্তীতে বলতে পারবো।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, মারধর ছিনতাইয়ের ঘটনায় জান্নাতুল ফেরদৌস নামে একজন থানায় অভিযোগ করেছেন। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'