দাগনভূঞায় কাবা শরীফের ইমাম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০১:২২ পিএম

কাবা শরীফের সাবেক ইমাম ড. শায়েখ হাসান বিন আবদুল হামিদ বুখারি বলেছেন, পবিত্র কোরান হাদিসকে আকঁড়ে ধরে মুসলিম উম্মাহর ঐক্যই মুসলমানদের বিজয় এনে দিতে পারবে। এ সময় তিনি  জুমার খুতবায় আল্লাহর প্রতি বিশ্বাস ও শান্তি প্রতিষ্ঠায় ইসলামের গুরুত্ব তুলে ধরেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদ্রাসায় আয়োজিত ১০ম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে মুসল্লিদের মাঝে বয়ানে তিনি এ কথা বলেন।  পরে জুমার নামাজের ইমামতি করেন তিনি।

এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রঘুনাথপুর হাইস্কুল মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন। সেখান থেকে গাড়ির বহরে মহাসম্মেলন মাঠে উপস্থিত হন। সেখানে প্রধান মেহমান কাবার সাবেক ইমাম এ আরবি বয়ান করেন।

তার বয়ান অনুবাদ করে দোভাষী জানান, যুদ্ধ বিগ্রহে সারাবিশ্ব অশান্ত। শক্তির দাপটে মুসলিম দেশগুলো নির্যাতিত। ফিলিস্তিন, সিরিয়া, কাশ্মির, আরাকানসহ মুসলমানেরা বিধর্মীদের অত্যাচারে ও নির্যাতনে মানবেতর জীবনযাপন করছেন। বিধর্মীরা মোর্চ্চা করে মুসলমানদের ওপর বর্বরোচিত হামলা করছে। এ হামলার মোকাবেলায় মুসলমানদের ঐক্য দরকার।

ড. শায়েখ হাসান বলেন, ঐক্যের অভাবে মুসলিম দেশগুলো ক্ষমতা ভোগের জন্য অমুসলিমদের তাবেদারি করছেন; যা মহান আল্লাহর অপছন্দ। রাসূলদের অনুসৃত আদর্শকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহর সাহায্য আপনার দোরগোড়ায় করাঘাত করবে ইনশাআল্লাহ।

কাবার সাবেক এ ইমামের বয়ান শোনা ও পেছনে নামাজ আদায়ের জন্য  সকাল থেকে রঘুনাথপুর এলাকায় মুসল্লিদের ঢল নামে। দূরদূরান্ত থেকে লক্ষাধিক মানুষ সম্মেলনস্থলে এসে সমবেত হন।

ড. শায়েখ হাসান বিন আবদুল হামিদ বুখারি একজন প্রখ্যাত ইসলামিক স্কলার। তিনি কাবা শরিফের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ডিন ও সৌদি আরবের সর্বোচ্চ ওলামা বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্মজীবনে তিনি শুরুতে ২০০০ সাল থেকে ২০০৩ পর্যন্ত মসজিদ আল হারামাইন শরিফের অভ্যন্তরীণ একাডেমি শিক্ষক ছিলেন। ২০০৪ সাল পর্যন্ত তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় আরবি ভাষা ইনস্টিটিউটের প্রভাষক ছিলেন। এরপর তিনি ২০০৮ সাল, ২০১৫ সালে দুইবার উক্ত বিশ্ববিদ্যালয় সরকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত