ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলমকে জেলা যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
১৮ জানুয়ারি গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরিদপুর জেলা যুবদলের পদপ্রত্যাশী নেতৃবৃন্দের সাক্ষাতকার গ্রহণ সভায় তথ্য গোপন করে উপস্থিত হওয়ায় এবং ইতিপূর্বে দলীয় নির্দেশনা অমান্য করে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নুরুল আলমকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নুরুল আলমের কোনো ধরনের অপকর্মের দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। এদিকে নুরুল ইসলামকে যুবদল থেকে বহিষ্কার করায় ফরিদপুরে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।