এবারের অস্ট্রেলিয়ান ওপেন দানিল মেদভেদেভের জন্য দুঃস্বপ্নের মতোই। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে বিদায় নেওয়ার পাশাপাশি অসদাচরণের জন্য ৯২ লাখ টাকার বেশি জরিমানা গুনতে হচ্ছে এই রাশিয়ান তারকাকে।
প্রথম রাউন্ডে থাইল্যান্ডের কাসিদিত সামরেজের বিপক্ষে পাঁচ সেটের লড়াইয়ে জিতলেও মেদভেদেভ হারান মেজাজ। দ্বিতীয় সেট হারার পর তৃতীয় সেটেও যখন প্রতিপক্ষ এগিয়ে ছিলেন, তখন নেটের কাছে গিয়ে পাঁচবার ক্যামেরার দিকে র্যাকেট দিয়ে আঘাত করেন মেদভেদেভ। এতে র্যাকেট এবং ক্যামেরা দুটোই ভেঙে যায়। এই ঘটনার জন্য তাঁকে ১০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে ১৯ বছর বয়সী লার্নার তিয়েনের কাছে ৬-৩, ৭-৬ (৭/৪), ৬-৭ (৮/১০), ১-৬ এবং ৭-৬ (১০/৭) সেটে হারেন মেদভেদেভ। ম্যাচ চলার সময় বিজ্ঞাপনী বিলবোর্ডে র্যাকেট ছুড়ে মারার পাশাপাশি আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়ান তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে না যাওয়ার কারণে আরও বড় শাস্তি পান রাশিয়ান এই তারকা।
সব মিলিয়ে মেদভেদেভকে মোট ৭৬ হাজার ডলার জরিমানা গুনতে হচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯২ লাখ টাকার সমান।
অস্ট্রেলিয়ান ওপেনের আগের তিন আসরে রানারআপ হলেও এবারের পারফরম্যান্স মেদভেদেভের জন্য ছিল হতাশাজনক। দ্বিতীয় রাউন্ডেই বিদায় এবং টুর্নামেন্টজুড়ে বারবার মেজাজ হারানো তাঁর পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে।
মেদভেদেভের এমন আচরণ নিয়ে টেনিস ভক্ত এবং বিশেষজ্ঞরা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। তবে এটুকু স্পষ্ট, অস্ট্রেলিয়ান ওপেন ২০২৫ মেদভেদেভের ক্যারিয়ারে স্মরণীয় নয়, বরং শিক্ষণীয় হয়ে থাকবে।