সাউথইস্ট ব্যাংক পিএলসি তাদের ব্যবসায়িক অবস্থান মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ‘বিজনেস পলিসি এবং প্ল্যানিং কনফারেন্স-২০২৫’-এর আয়োজন করে। ব্যবস্থাপনা পরিচালক নূরুদ্দিন মো. ছাদেক হোসাইনের সভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা, শাখা প্রধানরা, সব উপশাখা এবং অফশোর ব্যাংকিং ইউনিটের প্রধানরা এই কনফারেন্সে অংশগ্রহণ করেন।
এই কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারপারসন রেহানা রহমান এবং সাউথইস্ট ব্যাংকের পরিচালকরা যথাক্রমে আজিম উদ্দীন আহমেদ, জোসনা আরা কাশেম, দুলুমা আহমেদ, মো. আকিকুর রহমান, নাসির উদ্দিন আহমেদ, এশিয়া ইন্সুরেন্স লিমিটেডের প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসাইন, সিঙ্গেল ক্লিক আইটি সালিউশন প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি মো. নুরুল ইসলাম এবং স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার এম মইন আলম ফিরোজী।
কনফারেন্সে ব্যাংকের ২০২৪ সালের সার্বিক কার্যক্রম এবং অগ্রগতি নিয়ে পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করা হয়। কনফারেন্সে, ২০২৫ সালের জন্য একটি সুসংগঠিত কৌশলগত ব্যবসায়িক নীতি এবং পরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা করা হয় এবং ভবিষ্যৎ সম্ভাবনাময় খাতগুলো এবং ব্যাংকের অগ্রগতির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম উল্লেখ করেন, ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীর ঐকান্তিক প্রচেষ্টা, নিষ্ঠা ও ভালোবাসার কারণেই ব্যাংকটি শত প্রতিকূলতার মধ্যেও টেকসই উন্নয়ন অর্জনে সক্ষম হয়েছে। তিনি কর্মীদের এই অবদানের জন্য গভীর প্রশংসা করেন এবং তাদের ব্যাংকের প্রতি ভালোবাসা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি