টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম মৃধার ব্যবসাপ্রতিষ্ঠানে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে উপজেলা সদরের কালীবাড়ি রোডে ইলমা কসমেটিকস ও আল-আজমীর ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোর গ্যাং গ্রুপের ৭০-৮০ জনের সশস্ত্র সদস্য ওই ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং লুটপাট চালায়। এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম মৃধা, তার ভাই আনোয়ার মৃধা, জাহাঙ্গীর মৃধা ও বোন নিপা বেগমকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। হামলাকারীরা বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মী বলে জানা গেছে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী আলম মৃধার ভাই জাহাঙ্গীর মৃধা বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন।