পনেরো বছরের ছাত্রদলের ত্যাগ, শ্রম ও সংগ্রামের অস্বীকার করে কোনো ইতিহাস রচনা করা হলে তা ডাস্টবিনে নিক্ষেপ করা হবে বলে জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। একই সঙ্গে বাংলাদেশের সব ক্যাম্পাসে আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তিনি।
গতকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। এর আগে দুপুর ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে কর্মসূচি শুরু করেন। পরে মিছিল নিয়ে শাহবাগ হয়ে শহীদ মিনারে পৌঁছান নেতাকর্মীরা। মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগরসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
ছাত্রদল সভাপতি বলেন, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে এক এবং ঐক্যবদ্ধ আছি। যারা জুলাই-আগস্টের আন্দোলনকে কুক্ষিগত করতে চায়, তারা যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে। আমি হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আপনারা এমন কোনো কর্মকা- করবেন না, যার দ্বারা ঐক্য নষ্ট হয়।
সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, সাড়ে ১৫ বছর ধরে যারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, সে খুনি সংগঠন সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আমরা দেখলাম ছাত্রদলের এখনো কোনো শীর্ষ সন্ত্রাসীকে অন্তর্বর্তী সরকার গ্রেপ্তার করতে পারেনি। শুধু শীর্ষ সন্ত্রাসী নয়, প্রতিটি জেলায় ছাত্রলীগের যেসব শীর্ষ সন্ত্রাসী রয়েছে, তারা এখন ঢাকায় অবস্থান করছে। ছাত্রলীগের সব নেতাকর্মীকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। যেসব আওয়ামী লীগের দোসর জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করার দাবি জানাই।
মার্চ ফর জাস্টিসে ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, মহানগর উত্তরের সভাপতি মো. সালাহউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন, দক্ষিণের সভাপতি শামীম মাহমুদ এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া, ঢাকা মহানগর পূর্বের সভাপতি মো. সোহাগ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান মজুমদার, ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মো. রবিন খান, সাধারণ সম্পাদক আকরাম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।