আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও ভারতের আপত্তিতে টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলে। অর্থাৎ, ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। এই আসরে পাকিস্তানকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ধরে নিয়েছেন ভারতের কিংবদন্তি ওপেনার সুনিল গাভাস্কার।
গাভাস্কারের মতে, আয়োজক দেশ হিসাবে সুবিধা পাবে পাকিস্তান, ২০২৩ বিশ্বকাপে ভারত যে সুবিধা পেয়েছিল। গাভাস্কারের ভাষায়, ‘পাকিস্তানকেই ফেভারিট হিসাবে ধরে নিচ্ছি। কারণ, তাদের মাটিতে তাদেরকে হারানো সহজ নয়। ২০২৩ বিশ্বকাপে ভারত ফাইনালে হেরেছিল, কিন্তু তার আগে জিতেছিল টানা ১০ ম্যাচ। ঘরের মাঠে কেউ ভারতকে হারাতে পারেনি। এ কারণেই আমার বাজি পাকিস্তান।’
গতকাল ঘোষিত ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছয় বিশেষজ্ঞ ব্যাটার, এক উইকেটকিপার, চার অল-রাউন্ডার, এক বিশেষজ্ঞ স্পিনার এবং তিন পেসার আছে। পেসারদের মধ্যে আর্শদীপ সিংয়ের অভিজ্ঞতা কম। জসপ্রীত বুমরার খেলা নিয়ে সংশয় আছে। মোহাম্মদ শামি আবার চোট থেকে ফিরেছেন। তাই ভারতের সাবেক পেসার ইরফান পাঠান মনে করেন, আরও পেসার আনেওয়া উচিত ছিল।
ইরফান বলেছেন, ‘দুবাইয়ের মাঠে পেসারেরা অনেক সুবিধা পায়। পিচে পড়ে বল বেশি লাফায়। তাই ভারতের উচিত ছিল বেশি পেসার নেওয়া। এই বিষয়টা নির্বাচকদের মাথায় রাখা উচিত ছিল। কিন্তু সেটা হয়নি।’