আশুলিয়ায় বাৎসরিক ওরস শরীফে বাধা প্রদান ও চাঁদা দাবির অভিযোগ এনে মানববন্ধন করেছে হিজড়া সম্প্রদায়ের নেতারা। এসময় তারা স্বাভাবিক জীবনযাপনের জন্য সবার সহযোগিতা কামনা করেন। রবিবার (১৯ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের চালাপাড়া এলাকায় এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে হিজড়া সম্প্রদায়ের লোকজন বলেন, স্থানীয় কতিপয় ব্যক্তি ওরস শরীফে বাধা ও তাদের কাছে চাঁদা দাবি করছেন। এখানে ওরস শরীফ পালন করতে হলে তাদেরকে ৩ লাখ টাকা চাঁদা দিতে হবে। এছাড়াও তারা ওরসে জুয়া বসানোর চেষ্টা করছেন। তারা জুয়া চালাতে না দিলে ওরস পালন করতে দেবে না বলে হুমকি দিচ্ছে। প্রশাসন অনুমতি দিলেও তারা নানাভাবে বাধাগ্রস্ত করছেন।
মানববন্ধনে উপস্থিত শিখা ভাণ্ডারী বলেন, আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের চালাপাড়া এলাকায় সরকার আমাদেরকে বসবাসের জন্য জায়গা দিয়েছেন। সেখানেই আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করছিলাম। কিন্তু স্থানীয় মাসুদ পারভেজ ও তার সহযোগীরা আমাদের শান্তিপূর্ণ বসবাসকে বাধাগ্রস্ত করছেন।
স্থানীয় বাসিন্দা শিপন বলেন, প্রায় তিন থেকে ৪ বছর আগে হিজড়া সম্প্রদায়ের লোকজন আমাদের এলাকায় আসে। তারা অত্যন্ত ভালো মানুষ। আমরা যতদূর জানি তারা কোনো ক্ষতি করেনি। আমরা চায় প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন।