জেলা পরিষদে দুদকের অভিযান মিলেছে অনিয়ম

শরীয়তপুর জেলা পরিষদের সাতজন সাবেক কর্মকর্তার বিরুদ্ধে ২০টি প্রকল্পে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পরিষদের কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

দুদক কর্মকর্তা বলেন, ‘শরীয়তপুর জেলা পরিষদ কার্যালয়ে সাতজন সাবেক কর্মকর্তার বিরুদ্ধে ২০টি প্রকল্পে সুনির্দিষ্ট অভিযোগ পায় দুদক। পরে গতকাল সকালে জেলা পরিষদ কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রাথমিকভাবে অতিরিক্ত ব্যয় ও দুর্নীতির প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এর মধ্যে সখীপুরের ডাকবাংলো নির্মাণ না করেই ৫০ লাখ টাকা আত্মসাৎ ও ফের ১ কোটি টাকা বরাদ্দ দেয় জেলা পরিষদ। এ ছাড়া নামে মাত্র গাছ লাগিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।