গাজীপুরের শ্রীপুরে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় বয়লার মেশিন বিস্ফোরণে ১২ শ্রমিক আহত হয়েছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় স্যাম্পল রুমের বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে কারখানার শ্রমিক সুজন, রইছ উদ্দিন, শুক্কুর, সোনিয়া, লিমা, ইকবাল, শাহজাহানের নাম জানা গেছে। এদের মধ্যে সুজনের বাঁ পায়ে গুরুতর জখম হয়েছে। তাকে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কারখানার কর্মরত শ্রমিকরা জানান, সকাল সাড়ে ৮টায় শ্রমিকরা কারখানায় নিয়মিত কাজে যোগ দেন। পরে কারখানার শ্রমিকরা কাজ করার সময় স্যাম্পল সেকশনের একটি মিনি বয়লার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় ভয়ে শ্রমিকরা এদিক ওদিক ছুটতে থাকেন। বিস্ফোরিত বয়লারের গরম পানিতে বেশকজন শ্রমিকের শরীর ঝলসে যায়।
কারখানার মানবসম্পদ বিভাগের (এইচআর অ্যাডসিন) কর্মকর্তা এম শিমু চৌধুরী বলেন, ‘কারখানার স্যাম্পল সেকশনে একটি মিনি (ছোট) বয়লার বিস্ফোরিত হয়েছে। এতে বেশকিছু নারী-পুরুষ শ্রমিক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।’
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘পোশাক কাখানায় বয়লার বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে রয়েছে। বেশ কয়েকজনের আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’