ইএফডি স্থাপনে জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা চেয়েছে এনবিআর

ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) স্থাপনের জন্য ঢাকাসহ কয়েকটি জেলার জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জেলাগুলো হলো নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, সাভার, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি।

মূসক তথ্য প্রযুক্তি ও প্রকল্প পরিকল্পনার দ্বিতীয় সচিব মো. শাহাদাত জামিলের সই করা এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সভাপতিকে দেওয়া হয়েছে। গত ১৯ জানুয়ারি চিঠিতে মো. শাহাদাত জামিল সই করেছেন।

বাজুস নেতারা জানান, অনিবন্ধিত প্রতিষ্ঠান নিবন্ধিত করে, সব প্রতিষ্ঠানে ইএফডি স্থাপন করে, এই খাতে অন্যান্য সমস্যাসমূহের যুক্তিসঙ্গত, ন্যায়-ভিত্তিক সমাধান করা গেলে সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি পাবে এবং এই খাত উজ্জীবিত হবে।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে সব সমস্যার আইনসঙ্গত সমাধানের জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে মর্মে আশ্বস্ত করা হয়।