ঠাকুরগাঁও সদর হাসপাতালে বরাদ্দের বিপরীতে রোগীদের খাবার পরিবেশনে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তিন সাংবাদিককে খালাস দিয়েছে আদালত। তারা হলেন জাগোনিউজ২৪.কমের জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু, বাংলাদেশ প্রতিদিনের আবদুুল লতিফ লিটু ও নিউজ বাংলা২৪.কমের রহিম শুভ।
গতকাল সোমবার রংপুর জেলা ও দায়রা জজ, সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোতালেব হোসেন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী আব্দুল্লাহ্ আল নোমান ও ফাহিম আহম্মেদ।
আব্দুল্লাহ্ আল নোমান বলেন, ‘আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো তথ্য-প্রমাণ না থাকায় তাদের খালাস দিয়েছে আদালত। আমরা এ রায়ে খুশি। কারণ ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকরা যেন সত্য তুলে ধরতে না পারেন, সেজন্য তাদের কলমকে থামাতে এ আইনের অপব্যবহার করা হয়েছে।’
প্রকাশিত সংবাদটি ‘মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং জনরোষ সৃষ্টিকারী ও মানহানিকর’ দাবি করে ২০২১ সালের জুলাইয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ নাদিরুল আজিজ চপল বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।
২০২১ সালের ৫ জুলাই অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজ২৪.কম ও নিউজবাংলা২৪.কম এবং ৬ জুলাই বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে রোগীদের খাবার কম দেওয়া নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।