জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক বিশেষ সেল’। এজন্য আহতদের থেকে সিভি চাওয়া হয়েছে। গতকাল সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সরকারি-বেসরকারিসহ বিভিন্ন ক্ষেত্রে শূন্যপদে যোগ্যতার ভিত্তিতে আহতদের চাকরি নিশ্চিত করার জন্য ‘জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক বিশেষ সেল’ উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে আহতদের থেকে সিভি আহ্বান করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আপনারা যারা এই আন্দোলনে আহত হয়েছেন, তাদের প্রতি আহ্বান জানানো হচ্ছে, দ্রুত আপনার সিভি জমা দেওয়ার জন্য।’
এ বিষয়ে সেলের সদস্য নাফিসা ইসলাম সাকাফি বলেন, স্বৈরাচার পতনের আন্দোলন করতে গিয়ে অনেকে হাত-পা হারিয়েছেন। অনেকে পঙ্গু হয়েছেন। দেখা গেছে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিই আহত হয়ে পড়ে আছেন। তাদের পরিবারে দুর্যোগ নেমে এসেছে। তাদের পুনর্বাসন করা আমাদের নৈতিক দায়িত্ব বলেই মনে করি। তাই আমরা গণ-অভ্যুত্থানবিষয়ক সেলের পক্ষ থেকে এই উদ্যোগ নিয়েছি। আমরা তাদের সহযোগিতা করব, তবে সবকিছু বিবেচনা করেই আবেদন চূড়ান্ত করা হবে।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক বিশেষ সেল জুলাইয়ে আহতদের সিভি আহ্বান করায় ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক বিশেষ সেল জুলাইয়ে আহত যোদ্ধাদের থেকে সিভি আহ্বান করেছে। সরকারি-বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে শূন্যপদে যোগ্যতার ভিত্তিতে আহতদের চাকরি নিশ্চিত করতে কাজ করবে তারা। ধন্যবাদ, এমন মহৎ উদ্যোগের জন্য।’