ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

নাটোরের লালপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার সেকচিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লালপুর ওয়ালীয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- একই উপজেলার ধলা হিন্দুপাড়া গ্রামের শিবেনের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), রতনের ছেলে স্বপন (১৯) ও সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)।

স্থানীয়রা জানায়, ট্রাকটি একই উপজেলার ওয়ালিয়া থেকে গ্রামীণ সড়ক হয়ে কদিমচিলান যাচ্ছিল। তখন সেকচিলান এলাকায় আমিরুলের আমবাগানের সামনে পাকা রাস্তার ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এদিকে সংঘর্ষের ফলে মোটরসাইকেল চালক শ্রাবণ ও বিধান ঘটনাস্থলেই নিহত হন। গুরুত্বর আহত অবস্থায় স্বপনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, ‘উপজেলার সেকচিলান এলাকায় ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হন। দুর্ঘটনাটির জন্য মোটরসাইকেল আরোহীরাই দায়ী। এ ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক রয়েছেন।’