পাঁচবিবি সীমান্তে ফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শেষ পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দেওয়ায় নির্মাণ কাজ বন্ধ রেখেছে বিএসএফ।

আজ মঙ্গলবার ভোর থেকে সীমান্তের শূন্যরেখার মাত্র ২০ গজ ভেতরে এই কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করা হয়।

স্থানীয়রা জানান, ভোরে বাঁশ দিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ চেষ্টা করে। এলাকাবাসী দেখতে পেয়ে বিজিবিকে খবর দিলে বিজিবির হস্তক্ষেপে কাজ বন্ধ রাখে বিএসএফ। 

এ ব্যাপারে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ নেওয়াজ জানান, বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা আছে।