চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের হাটবাকইলে টিসিবি পণ্যের গোডাউনে অগ্নিকাণ্ডে নয়ন আলী (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
আগুন নেভাতে গিয়ে কিশোর নয়নের মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। নয়ন হাটবাকইল গ্রামের আব্বাস আলীর ছেলে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, হাটবাকইলের ইসলামী ব্যাংকের নিচতলায় টিসিবি'র ডিলার সুজন ট্রেডার্সের পণ্য গোডাউনে বুধবার রাত ৯ টার দিকে হটাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় নয়ন আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে মারা যায়।
পরে খবর পেয়ে নাচোল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ নয়নের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
সুজন ট্রেডার্সের মালিক আশরাফুল ইসলাম সুজন, জানান, প্রায় চার লাখ টাকার মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে।