বিপিএলের এখন পর্যন্ত শুধু রংপুর রাইডার্স তাদের খেলা ৮ ম্যাচের সব জিতে প্লে-অফ নিশ্চিত করেছে। তবে রংপুর দলে থাকা সৌম্য সরকারকে এখনও এবারের বিপিএলে খেলতে দেখা যায়নি। কারণটা ইনজুরি। তবে আশার কথা, আঙুলের চোট অনেকটা কাটিয়ে উঠেছেন সৌম্য। অনুশীলন করছেন। চিকিৎসকদের সবুজ সংকেত পেলে হয়তো তাকে এই বিপিএলে খেলতেও দেখা যাবে।
গেল ডিসেম্বরে উইন্ডিজ সফরে চোট পেয়েছিলেন সৌম্য। খেলায় ফেরার অপেক্ষায় থাকা সৌম্য আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আউটারে অনুশীলন শেষে কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে।
এবার বিপিএলে রান হচ্ছে বেশ। এমন উইকেটে খেলতে না পারা নিয়ে সৌম্য বলেন, 'যেহেতু খেলোয়াড়, মাঠে ফিরেছি, এটাই সবচেয়ে ভালো। ইনজুরি ছিল, একটু কঠিন সময় গেছে। সবচেয়ে কষ্ট ছিল, বাসায় বসে খেলাগুলো দেখছিলাম। খেলাগুলো খেলতে পারছিলাম না, এটাই কষ্টের ছিল।'
মাঠে ফেরার জন্য মানসিক প্রস্তুতিটাকেও গুরুত্ব দিচ্ছেন তিনি। 'পরিস্থিতিটা তো মাথার ভেতরে থাকে। ওখানে (মাঠে) তো আমাকে সহজ কিছু দেবে না, ফিল্ডিংয়ের সময় বলেন আর ব্যাটিংয়ের সময় বলেন। যত বেশি কঠিন অনুশীলন করতে পারব, মানসিকভাবে ততই ভালো হবে।'
বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ৭৩ বলে ৭৩, পরে টি-টোয়েন্টি সিরিজেও ৩২ বলে ৪৩ রানের একটি ইনিংস ছিল সৌম্যর। উইন্ডিজে ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। সামনে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। সেই প্রসঙ্গ উঠতে সৌম্য বলেন, ‘সবাই যদি বিশ্বাস করি আমরা পারি, তাহলে আমরা পারব। আমরা তো কেউ বিশ্বাসই করি না যে আমরা পারব! আগে থেকে নেতিবাচক কথা বললে তো হবে না। সিরিজের শুরু থেকে বলেছিলাম, আমরা যদি তিন বিভাগে ভালো করতে পারি, তাহলে যেকোনো দলের বিপক্ষে জিতবে পারব।'