কুড়িগ্রামে খাল থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার

কুড়িগ্রামের কচাকাটায় খালের পাড় থেকে ২ নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার বলদিয়া ইউনিয়নের তালতলা বেইলি ব্রিজের নিচ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, মঙ্গলবার দুপুরে ব্রিজের নিচে খালে স্থানীয় কয়েকজন গোসল করতে এসে পলিথিনে মোড়ানো একটি নবজাতককে ভাসতে দেখে। অদূরে পানির কিনারায় শুকনো জায়গায়  আরেকটি নবজাতকের লাশ দেখত পায় তারা। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক আলী জানান, নবজাতকদের লাশ দেখে মনে হচ্ছে বয়স ৫ থেকে ৬ মাস হবে। দুটি নবজাতকই মেয়ে। হয়তো দু্জন জমজ। কে বা কারা ফেলে গেছে জানা যায়নি।

কচাকাটা থানার এসআই কার্তিক চন্দ্র রায় বলেন, নবজাতক দুটির লাশের সুরতহাল শেষে ইউনিয়ন চেয়াম্যানের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি তাদের কবর দেবেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।