সিদ্ধিরগঞ্জে বিকাশ এজেন্টের টাকা ভর্তি ব্যাগ ছিনতাই

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিকাশ এজেন্টের টাকা ভর্তি ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ব্যাগে পৌনে তিন লাখ টাকা ও ফ্ল্যাক্সি লোডের কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ছিল। গত সোমবার রাত ১১টার দিকে মিজমিজি দক্ষিণ পাড়া আমজাদ মার্কেটের পাশে এ ঘটনা ঘটে। বিকাশ এজেন্ট জামান জানান, আমজাদ মার্কেটসংলগ্ন কাসেম আলী মসজিদের পাশে ‘বিসমিল্লাহ টেলিকম’ নামে তার একটি দোকান রয়েছে। রাত ১১টার দিকে দোকানে তালা দেওয়ার সময় পেছন থেকে কেউ তাকে আঘাত করে হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। প্রায় আধা কিলোমিটার পর্যন্ত তাকে ধাওয়া দিয়েও ধরতে পারেননি। পরে ঘটনাটি সিদ্ধিরগঞ্জ থানাকে জানান। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, ‘ঘটনার পর সেখানে পুলিশের একটি টিম পাঠিয়েছি। ছিনতাইকারীকে আটক ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।’