সুইজারল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

বিশ্বঅর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় ৫টা ২৫ মিনিটে সরকারপ্রধান ও তার সফরসঙ্গীরা জুরিখ বিমানবন্দরে পৌঁছান বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বিমানবন্দরে মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম। এর আগে গত সোমবার রাত ১টায় চার দিনের সফরে দেশটির উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা

ড. ইউনূস। সুইজারল্যান্ডের দাভোসে ২০ থেকে ২৪ জানুয়ারি এ সম্মেলন হচ্ছে। সম্মেলন শেষে আগামী ২৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, সম্মেলনের ফাঁকে মুহাম্মদ ইউনূস জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, বেলজিয়ামের রাজা ফিলিপ ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে বৈঠক করবেন।

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রীর কন্যা শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড, মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল গনেস ক্যালামার্ড এবং বিশ^বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি ওকোনজো-আইওয়ালার সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ করার সূচি রয়েছে।

সম্মেলনে বাংলাদেশবিষয়ক একটি সংলাপে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এতে ব্যবসায়ী নেতাদের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা উপস্থিত থাকবেন। দেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে সেখানে একটি ধারণা দেওয়ার চেষ্টা করা হবে। এ ছাড়া বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের প্রতি নজর দিতে আহ্বান জানানো হবে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনটির আয়োজক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। বাছাই করা দেশগুলোকেই সংলাপের সুযোগ দেওয়া হয়। এবার বাংলাদেশকে দেওয়া হচ্ছে। বিভিন্ন ব্যবসায়ী ও সম্ভাব্য বিনিয়োগকারীরাও সেখানে থাকবেন।