ফরিদপুরের মধুখালীতে মাদক ও জুয়ার আসরে অভিযানকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন সদস্যকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন- উপ-পরিদর্শক (এসআই) জব্বার হোসেন (৪৫) ও দেওয়ান মুহাম্মদ সবুর (৩৮) এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম (৪০)। এ ছাড়া আরও ৪ থেকে ৫ জন আহত হয়েছেন, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফরিদপুর মেডিকেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. তৌসিফ সরকার জানান, আহতদের মধ্যে জব্বারের মাথায় তিনটি ক্ষতের আঘাত রয়েছে। অপর দুজনকে পিটিয়ে জখম করা হয়েছে। তবে কারও গুরুতর আঘাত নেই, সকলেই আশঙ্কামুক্ত।
খবর পেয়ে রাত ১২টার দিকে হাসপাতালে ছুটে আসেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা জানান, রাতে ডুমাইন বাজারে মাদক ও জুয়ার আসরের খবর পেয়ে অভিযানে যায় ডিবি পুলিশের ৭ থেকে ৮ সদস্যের একটি দল। এ সময় দুজনকে মাদকসহ আটক করা হয়। তখন জুয়ার আসর থেকে টাকাসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। এরপর জব্দকৃত মালামাল আনার ক্ষেত্রে স্থানীয়দের সাক্ষীর জন্য বাজার কমিটির সভাপতিকে ডাকা হয়। সে আসার আগেই মাদক ব্যবসায়ীরা ও জুয়াড়িরাসহ স্থানীয়রা মিলে অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় তিনজন গুরুতর আহত হোন এবং অন্যরা কমবেশি আহত হন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে শৈলেন চাকমা বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হবে। এ ছাড়া মাদকসহ দুজনকে আটক করে নিয়ে আসা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের একটি দোকানে নিয়মিত জুয়ার আসর বসিয়ে তাস খেলা হয়। সেখানে মাদকেরও রমরমা ব্যবসা হয়। এ ছাড়া ওই এলাকার বিভিন্ন জায়গা নিয়মিত জুয়ার আসর বসে থাকে বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়।