সাড়ে ৪ লাখ ইয়াবা ফেলে মিয়ানমারে পালাল পাচারকারী

কক্সবাজারে টেকনাফে বিজিবির ধাওয়ার মুখে পড়ে একদল মাদক পাচারকারী সাঁতরে নাফ নদী পার হয়ে মিয়ানমারে পালিয়ে গেছে। তবে যাওয়ার সময় তারা পাঁচটি বস্তায় সাড়ে ৪ লাখ ইয়াবা ফেলে যায়। পরে ইয়াবাগুলো উদ্ধার করে বিজিবি।
 
গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তের মেম্বার পোস্টে এ ঘটনা ঘটে।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, ‘মঙ্গলবার মধ্যরাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তের নাফ নদীর মেম্বার পোস্ট এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির পৃথক দুইটি দল অভিযান চালায়। এক পর্যায়ে নদী তীরে সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে দেখতে পেয়ে বিজিবির সদস্যরা থামার জন্য সংকেত দেয়। তখন বিজিবির উপস্থিতি টের পেয়ে লোকগুলো সঙ্গে থাকা ২টি বস্তা ফেলে নদী সাঁতরে মিয়ানমারে পালিয়ে যায়।’

তিনি বলেন, ‘অভিযানের সময় পাচারকারীদের আরও কয়েকজন আলিখালের দিকে যেতে দেখে বিজিবির সদস্যরা তাদের ধাওয়া দেয়। পরে লোকগুলো নদী সাঁতরে খরেরদ্বীপ হয়ে মিয়ানমারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে পাচারকারীদের বিভিন্ন স্থানে ফেলে যাওয়া পাঁচটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে পাওয়া যায় ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা। উদ্ধার করা মাদকের চালান পাচারের সাথে জড়িতদের শনাক্ত করতে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।’

উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলে জানান তিনি।