কিলিয়ান এমবাপ্পে তার সাবেক পিএসজি সতীর্থ নেইমারের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন এবং বলেছেন, তিনি ব্রাজিলিয়ান ফুটবলারকে অনেক শ্রদ্ধা করেন।
কদিন আগে এক পডকাস্টে নেইমার বলেছিলেন যে, এমবাপ্পে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি পিএসজিতে যোগ দেওয়ার পর "হিংসুটে" হয়ে গিয়েছিলেন।
‘আমি সবসময় তার (এমবাপে) সঙ্গে মিলে খেলতাম, বলেছিলাম সে (ভবিষ্যতে) বিশ্বসেরাদের একজন হবে। আমিও তাকে (ম্যাচে) সহায়তা করতাম, কথা বলতাম, সেও আমার বাসায় আসত, একসঙ্গে রাতের খাবারও খেয়েছি। বেশ কয়েক বছর আমাদের মাঝে ভালো বোঝাপড়া ছিল, কিন্তু মেসি আসার পর সে ঈর্ষা করতে শুরু করে। সে আমাকে কারও সঙ্গে ভাগাভাগি করতে চায়নি (হাসি)। এরপর কিছু বিবাদ এবং তার আচরণও বদলে যেতে থাকে।’
নেইমারের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে টিএনটি স্পোর্টস ব্রাজিলকে এমবাপ্পে বলেছেন, "সত্যি কথা বলতে, আমি কিছু বলতে চাই না। আমি এখানে মাদ্রিদে যা করছি তাতে খুব মনোযোগী।"
"আমি নেইমারকে অনেক শ্রদ্ধা করি। আমি বহুবার নেইমারের সম্পর্কে কথা বলতে পারতাম, কিন্তু আমি সব সময় ইতিবাচক বিষয়গুলো মনে রাখতে চাই, ফুটবলের ইতিহাসে সে এক অনন্য ফুটবলার। প্যারিসে আমরা একসাথে অনেক স্মরণীয় মুহূর্ত কাটিয়েছি।"
নেইমার ও এমবাপে দুজনই ২০১৭ সালে বার্সেলোনা ও মোনাকো থেকে পিএসজিতে যোগ দেন। নেইমার আরও বলেছিলেন, বড় বড় অহংকার পিএসজির বড় ম্যাচগুলিতে পারফরম্যান্সে প্রভাব ফেলেছিল। "এগো থাকতে ভালো, কিন্তু বুঝতে হবে যে একা খেলতে হয় না।" নেইমার বলেছিলেন, "তোমার পাশে আরও একজন থাকতে হবে। [বড়] অহংকার ছিল প্রায় সব জায়গায়, এটা কাজ করতে পারে না। যদি কেউ দৌড়ায় না এবং কেউ সাহায্য করে না, তাহলে কিছু জিততে পারবে না।"
পরে ২০২৩ সালে মেসি-নেইমার দুজনই প্যারিসের ক্লাব ছেড়ে যান। গত বছর এমবাপ্পেও পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন।