চট্টগ্রাম-লাকসাম রেললাইন নির্মাণে অর্থায়ন করবে ইইউ

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও হেড অব দ্য ডেলিগেশন মাইকেল মিলার বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে ইউরোপীয় ইউনিয়ন ডেভেলপমেন্ট ব্যাংক বিনিয়োগ ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করতে আগ্রহী। এরই অংশ হিসেবে চট্টগ্রাম-লাকসাম রেললাইন নির্মাণে ৬০০ মিলিয়ন ইউরো বিনিয়োগ করবে।

বুধবার (২১ জানুয়ারি) বিকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চেম্বার কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ইইউ রাষ্ট্রদূতের নেতৃত্বে ৫ সদস্যের বাণিজ্য প্রতিনিধিদল এদিন বিকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চেম্বার কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে এ মতবিনিময় সভায় মিলিত হন। 

হেড অব দ্য ডেলিগেশন মাইকেল মিলার বলেন, ইইউ বাংলাদেশের উন্নয়ন, মানবিক সহায়তা, অর্থনৈতিক এবং নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে কম্প্রিহেনসিভ এজেন্ডা নিয়ে কাজ করছে। বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধি চায় ইইউ।

রাষ্ট্রদূত মাইকেল মিলার ঢাকায় চালু হওয়া ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অব কমার্সে অংশগ্রহণের মাধ্যমে চট্টগ্রামের ব্যবসায়ীদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত ব্যবসায়ীদের সঙ্গে বিনিয়োগ অংশীদার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের বিশাল মার্কেটের কথা বিবেচনা করে নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক খাতে প্রযুক্তিগত সহায়তা, ভেল্যু চেইন, জলবায়ু পরিবর্তন, পানি ব্যবস্থাপনা এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে ইইউ।  

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও চেম্বার প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা বলেন, বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তাসহ সামাজিক নিরাপত্তা, বেসরকারি খাতের উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনে কাজ করে যাচ্ছে ইইউ।

তিনি বলেন, ভৌগোলিক অবস্থান ও অবকাঠামোগত উন্নয়নের কারণে চট্টগ্রাম দক্ষিণ এশিয়ার অন্যতম বাণিজ্যিক হাবে পরিণত হয়েছে। এখানে রয়েছে ৩০ হাজার একরের দক্ষিণ এশিয়ার বৃহত্তম বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল। এছাড়াও রয়েছে তিনটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা। একই সাথে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা বৃদ্ধি, বে-টার্মিনালসহ বন্দরে নতুন নতুন অবকাঠামোগত উন্নয়নে বিদেশি বিনিয়োগ আসায় চট্টগ্রামে ইইউ ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান তিনি। এছাড়া চট্টগ্রাম চেম্বারে গণতান্ত্রিক এবং গতিশীল নেতৃত্ব তৈরিতে একটি সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেয়ার আশাবাদ ব্যক্ত করেন।

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও চিটাগাং চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা’র সভাপতিত্বে সভায় তুরস্কের অনারারি কনসাল জেনারেল সালাহ্উদ্দীন কাসেম খান, লুব-রেফ’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ, বিএসআরএম গ্রুপের মোহাম্মদ মনির হোসেন বক্তব্য রাখেন।

এ সময় অন্যদের মধ্যে ইউরোপীয় ডেলিগেশন টিমের হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের কাউন্সিলর জুরেট স্মালস্কাইট, ফার্স্ট কাউন্সিলর এডউইন কোয়েকোক, ট্রেড এডভাইজার আবু সৈয়দ বেলাল, প্রোগ্রাম ম্যানেজার জুঁই চাকমা, চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরী ও উপ সচিব শাহেদ আলী টিটু উপস্থিত ছিলেন।