গাইবান্ধার গোবিন্দগঞ্জে অগ্নিকান্ডে ১০টি বাড়িঘর পুড়ে গেছে। এতে দগ্ধ হয়ে মারা গেছে সাতটি গরু। গতকাল বুধবার ভোরে উপজেলার শালমারা ইউনিয়নের নীলকণ্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোর রাতে গোয়াল ঘরে আগুন দেখতে পান ওই গ্রামের জহুরুল ইসলাম। মুহূর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর চেষ্টা চালিয়েও ব্যর্থ হয় এলাকাবাসী। পরে তারা গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসকে জানায়। সীমান্ত এলাকায় হওয়ায় বগুড়ার ফাসিতলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার চেষ্টা করে। কিন্তু রাস্তা না থাকায় ফায়ার সার্ভিসের লোকজন পৌঁছানোর আগেই সব পুড়ে যায়।
জানা গেছে, আগুনে নীলকণ্ঠপুর গ্রামের শাহ আলম, শরিফুল ইসলাম, শহিদ ইসলাম, শহিদুল ইসলাম, আতিকুল ইসলাম, ইমরান আলী, আব্দুর রশিদ, আনারুল ইসলামসহ ১০ পরিবারের বসতবাড়ি পুড়ে গেছে। নগদ টাকাসহ আসবাব পুড়ে যাওয়ায় তারা এখন নিঃস্ব। শালমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জীব হোসেন পলাশ বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।