শরীয়তপুরে ভূমি অধিগ্রহণের টাকা দ্রুত দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে অধিগ্রহণকৃত জমির মালিকরা। গতকাল বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে জানানো হয়, মনোহর বাজার মোড় থেকে ইব্রাহিমপুর ফেরিঘাট পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য ২০২০-২০২১ সালে জমি অধিগ্রহণ করা হয়। চার বছর পার হলেও অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ পাচ্ছেন না জমির মালিকরা। ক্ষতিপূরণের অর্থ অবকাঠামো ও গাছপালার নিলাম মূল্য বাবদ ১০ ভাগ কর্তন হিসেবে রাখতে চায় সরকার। কিন্তু ১০ ভাগ টাকা কর্তন চান না জমির মালিকরা।
হোগলা এলাকার আলম তাজ মুন্সী বলেন, ‘মুরগি ফার্ম, বসতবাড়ি, দোকানঘর ও জমি অধিগ্রহণ করা হয়েছে। অধিগ্রহণের টাকা এখনো পাইনি। এখন শুনি, আমাদের অধিগ্রহণের ১০ ভাগ টাকা কেটে রাখবে। এটা আমাদের সঙ্গে অন্যায় করা হবে।’
শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদুল আলম বলেন, ‘শরীয়তপুর সদরের মনোহর বাজর মোড় থেকে ইব্রাহিমপুর ফেরিঘাট পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। এখানে অবকাঠামো ও গাছপালার নিলাম মূল্য বাবদ ১০ ভাগ কর্তন সংক্রান্ত বিষয়ে তারা স্মারকলিপি দিয়েছেন। তারা টাকা পাচ্ছেন না বিষয়টি এমন নয়। এই টাকা সড়ক বিভাগ থেকে আমাদের কাছেও চলে এসেছে। টাকা নেওয়ার জন্য তাদের নিয়মিত বলছি। তবে শর্ত ১০ ভাগ নিলাম মূল্য বাবদ কর্তন। এটি এসেছে সড়ক, মহাসড়ক বিভাগ থেকে। এ কারণে ভূমি অধিগ্রহণকৃত ব্যক্তিরা এই কর্তন মানতে চাইছেন না।’