তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম ইপিজেডে শ্রমিকদের মধ্যে সংঘর্ষ

চুরির ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) ভেতরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে পোশাক ও নির্মাণ শ্রমিকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ১২টার দিকে শিল্প পুলিশসহ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিল্প পুলিশ জানায়, গতকাল বুধবার সন্ধ্যার দিকে নির্মাণাধীন একটি কারখানার মধ্যে তিনজন লোক ঢুকে পড়েন। নির্মাণশ্রমিকেরা চোর ভেবে তাদের মারধর করে। কিন্তু পোশাক শ্রমিকদের দাবি, তিন শিশু ঢুকেছিল নির্মাণাধীন ভবনটিতে। এর মধ্যে একজন নিখোঁজ রয়েছে অভিযোগ তুলে পোশাক শ্রমিকেরা নির্মাণ শ্রমিকদের ওপর চড়াও হয়। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। 

চট্টগ্রাম নগর পুলিশের বন্দর অঞ্চলের উপকমিশনার মোহাম্মদ বদরুল আলম মোল্লা জানান, নির্মাণাধীন কারখানায় চোর ঢুকে পড়ায় তাদের মারধর করেন নির্মাণ শ্রমিকেরা। এ ঘটনার জেরে নির্মাণ শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পোশাক শ্রমিকেরা। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িও ভাঙচুর করা হয়। বিষয়টি মীমাংসা করে দেওয়ার পরেও সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকেরা।