শেরপুরে মাধ্যমিকের এক ট্রাক সরকারি বই উদ্ধার, আটক ১

শেরপুর সদরের লছমনপুর দড়িপাড়া থেকে মাধ্যমিকের একট্রাক সরকারি বই উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) রাত নয়টার সময় শেরপুর সদর উপজেলার লছমনপুর দড়িপাড়া থেকে উদ্ধার করা হয়।

বিনামূল্যে বিতরণের মাধ্যমিকের ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির ৯ হাজার বই ছিল ওই ট্রাকে। এ সময় মইদুল ইসলাম নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে সদর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত অনুমান নয়টার সময় জাতীয় গোয়েন্দা সংস্থার এনএসআই তথ্যের ভিওিতে বিনামূল্যে বিতরণের মাধ্যমিকের ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির বই নিয়ে ট্রাকটি শেরপুর সদর উপজেলার লছমনপুর দড়িপাড়া আসলে সদর থানার পুলিশের কাছে বিষয়টি জানানো হয়। পুলিশ গিয়ে বইসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য মইদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়।

পরে গণনা করে ওই ট্রাকে নয় হাজার বই পাওয়া যায়। তবে প্রাথমিকভাবে জানা গেছে বইগুলো কুড়িগ্রাম জেলার বরাদ্দকৃত বই।

এ ব্যাপারে শেরপুর জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান জানান, এ বইগুলো শেরপুর জেলার বরাদ্দকৃত বই নয়। অন্য কোনো জেলার বই হতে পারে।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।