ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এলজিইডি কর্মকর্তার আত্মহত্যা

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৩:৫৬ পিএম

দাম্পত্য কলহের জেরধরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যসহকারী সানোয়ার হায়দার (৩২)। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত সানোয়ার হায়দার নীলফামারী জেলার সৈয়দপুর পৌর এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি সরিষাবাড়ী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বন্যা প্রকল্পের কার্যসহকারী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সানোয়ার সকাল সাড়ে ১০টার দিকে রেললাইনের পাশ দিয়ে বয়ে যাওয়া রাস্তায় হাঁটছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভুয়াপুরগামী ৩৭ আপ মেইল ট্রেন আসলে হঠাৎ দৌড়ে তিনি ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। এতে তিনি ট্রেনে কাটা পড়ে মারা যান।

নিহতের সহকর্মীরা জানান, দীর্ঘদিন থেকে স্ত্রীর সঙ্গে সানোয়ার হায়দারের দাম্পত্য কলহ চলছিল। সপ্তাহখানেক আগে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। এ ঘটনার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আশীষ চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত