পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত দেড়টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে নৌ কর্তৃপক্ষ। এদিকে, আজ শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন থাকায় বাড়তি যানবাহনের চাপ রয়েছে উভয়ঘাটে। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাত ১০টার পর থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুট এলাকায় প্রচুর পরিমাণে কুয়াশা পড়তে শুরু করে। রাত ১২টার পর থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। এতে নৌরুটে ফেরি চলাচল বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যে কারণে উভয় নৌরুটে রাত দেড়টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, ‘কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়েছে দুটি ফেরি। কুয়াশার প্রকোপ কমে গেলে আবার ফেরি চলাচল শুরু করা হবে।’