স্কুলের ইট পাচারের চেষ্টা

সেই আওয়ামী লীগ নেতার ওপর দুর্বৃত্তের হামলা

নীলফামারীর কিশোরীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের ইট পাচার করতে গিয়ে ধরা পড়ার এক দিন পর রাশেদুর রহমান রাশেদ (৫০) নামে এক আওয়ামী লীগ নেতা দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন। গত বৃহ¯পতিবার রাতে কিশোরীগঞ্জ উপজেলার শহরের মুন্সিপাড়া এলাকার এ ঘটনা ঘটে।

রাশেদ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং কিশোরীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত।

জানা যায়, বৃহ¯পতিবার রাতে মোটরসাইকেলে বাড়ি থেকে উপজেলা শহরে যাওয়ার পথে মুন্সিপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে দুর্বৃত্তের অতর্কিত হামলার শিকার হন রাশেদ। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কিশোরীগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানা নেই। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গত বুধবার দুপুরে কিশোরীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের ইট ট্রলিতে নিয়ে যাওয়ার সময় ইটসহ ট্রলি আটক করেন স্থানীয়রা। পরে সুযোগ বুঝে সেখান থেকে সটকে পড়েছিলেন আওয়ামী লীগ নেতা রাশেদ। এ বিষয়ে গত বৃহস্পতিবার দৈনিক দেশ রূপান্তরের ৯ নম্বর পাতায় ‘স্কুলের ইট পাচারের চেষ্টা আওয়ামী লীগ নেতার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।