শেরপুর সীমান্তে সাংবাদিকদের ওপর চোরাকারবারীদের হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় বালু ব্যবসায়ী মাসুদকে প্রধান আসামি করে ১৫ জনের নামে শ্রীবরদী থানায় এ মামলা করেন ভুক্তভোগী সাংবাদিকরা। এদিকে এ ঘটনায় সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন শেরপুর পুলিশ সুপার।
ভুক্তভোগী সাংবাদিকরা হলেন শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মাসুদ হাসান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তরের শফিউল আলম সম্রাট, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মনিরুজ্জামান রিপন।
ভুক্তভোগীরা জানান, গত ২২ জানুয়ারি শ্রীবরদী সীমান্ত এলাকায় সংবাদ সংগ্রহে গেলে আসামিদের হামলার শিকার হন তারা। শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।’ শেরপুর জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, ‘সাংবাদিকদের অবাদ সংবাদ সংগ্রহের ক্ষেত্রে বাধা দিচ্ছে চোরাকারবারীরা। সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’