নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়াসা প্রকল্পে বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের দুর্নীতি-লুটপাট এবং দেশীয় প্রতিষ্ঠান ও প্রকল্পে কর্মরত শ্রমিকদের আট মাসের বকেয়া টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে ওয়াসার প্রকেল্পর কর্মচারী ও দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠান। গতকাল শুক্রবার দুপুরে তারাব পৌরসভার রূপসী গন্ধর্বপুর এলাকায় ওয়াসা প্রকল্পে প্রধান গেটে তারা এ কর্মসূচি পালন করে।
জানা গেছে, ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার প্ল্যান্ট প্রকল্পের অধীনে নগরবাসীর পানির চাহিদা পূরণে বিগত সরকার মেঘনা নদীর পানি শোধনের উদ্যোগ নেয়। কথা ছিল ২০২৩ সাল থেকে এ প্রকল্প থেকে দিনে ৫০ কোটি লিটার পানি পাবে ঢাকা ওয়াসা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সি (এএফডি), ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রকল্পের ব্যয় ধরা হয় প্রায় ৫ হাজার ৬০০ কোটি টাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গন্ধর্বপুর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ শুরু হয় ২০১৯ সালে। কিন্তু পতিত সরকারের অন্যান্য মেগা প্রকল্পের মতোই হরিলুট হয়েছে এ প্রকল্পেও। ফ্রান্সের ঠিকাদারি প্রতিষ্ঠান সুয়েজ ভেউলিয়া দেশীয় আলাদা তিনটি প্রতিষ্ঠানকে সাব কন্ট্রাক্ট কাজ দিয়ে ওয়াসার কয়েকজনের যোগসাজশে লুটে নিয়ে গেছে সব টাকা। গত সাত মাস বন্ধ হয়ে আছে প্রকল্পের কাজ।
এ অবস্থায় গতকাল মানববন্ধনে শ্রমিক ও দেশীয় প্রতিষ্ঠান এরিডড জানায়, শতকোটি টাকা এই প্রকল্পে লুটপাট হলেও তারা তাদের পাওনা টাকা ও আট মাসের শ্রমিকদের বেতন বকেয়া। আগামী এক সপ্তাহের মধ্যে বকেয়া টাকা পরিশোধ করা না হলে ওয়াসা ভবনের সামনে আমরণ অনশনের ঘোষণা দেন তারা।