জাতীয় দলের যেকোনো স্তরে আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথ মানেই উত্তেজনা আর রোমাঞ্চের নাম। তবে ভেনেজুয়েলার মিসায়েল ডেলগাদো স্টেডিয়ামে হয়ে যাওয়া অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘বি’-এর প্রথম ম্যাচে সেই উত্তেজনার কিছুই দেখা যায়নি। আর্জেন্টিনা একপেশে পারফরম্যান্সে ব্রাজিলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে নতুন এক রেকর্ড গড়েছে।
ক্লদিও এচেভেরি দুটি, ইয়ান সুবিয়াব্রে, আগুস্তিন রুবের্তো, সান্তিয়াগো হিদালগো এবং ইগর সেরোতের আত্মঘাতী গোলে বিশাল জয় পায় ডিয়েগো প্লাসেন্তের দল। এটি আর্জেন্টিনার পুরুষদের বয়সভিত্তিক বা সিনিয়র পর্যায়ে ব্রাজিলের বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানে জয়।
এই জয় আর্জেন্টিনার জন্য বিশেষ গুরুত্ব বহন করে। ডি স্পোর্টসের সম্প্রচার অনুযায়ী, এটি আর্জেন্টিনার পুরুষদের সিনিয়র বা বয়সভিত্তিক যেকোনো পর্যায়ের মধ্যে ব্রাজিলের বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানে জয়।
ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে। মাত্র ১০ মিনিটের মধ্যেই তারা তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ৬ মিনিটে নিউয়েলসের তরুণ তারকা ভ্যালেন্টিনো আকুনার পাস থেকে ইয়ান সুবিয়াব্রে গোল করে দলকে এগিয়ে দেন। চার মিনিট পর ক্লদিও এচেভেরি চমৎকার এক ক্রস শট নিয়ে ব্যবধান বাড়ান। এরপর তার আরেকটি ক্রস ইগর সেরোতে আত্মঘাতী গোলে পরিণত হলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০।
দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা আবারো গোল উৎসবে মেতে ওঠে। ৫১ মিনিটে আগুস্তিন রুবের্তো ব্রাজিলের গোলরক্ষককে পরাস্ত করে দলের চতুর্থ গোলটি করেন। মাত্র কয়েক সেকেন্ড পর এচেভেরি দারুণ এক শটে পঞ্চম গোল করেন। ম্যাচের ৭৮ মিনিটে সান্তিয়াগো হিদালগো হেডে ষষ্ঠ গোলটি করে স্কোরলাইনে পূর্ণতা আনেন।
ব্রাজিল দলে ছিলেন ডেভিড ওয়াশিংটন, ওয়েসলি, গ্যাব্রিয়েল মোসকার্ডোর মতো তারকা খেলোয়াড়। তবে দলীয় খেলা কিংবা ব্যক্তিগত নৈপুণ্যে তারা নিজেদের মেলে ধরতে পারেনি। আর্জেন্টিনার রক্ষণভাগ ও মিডফিল্ডের অসাধারণ সমন্বয়ে তাদের আক্রমণ ব্যর্থ হয় বারবার।
এই টুর্নামেন্টে আর্জেন্টিনা এসেছে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার লক্ষ্য নিয়ে। দুই গ্রুপে দশটি দলের মধ্যে সেরা তিনটি করে দল যাবে ফাইনাল হেক্সাগোনালে, যেখানে শীর্ষ চার দল বিশ্বকাপের টিকিট পাবে।
চিলির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৩-২ ও ৩-০ ব্যবধানে জয় নিয়ে তারা ভেনেজুয়েলায় আসে। যদিও ২০২৪ সালের লা আলকুদিয়া টুর্নামেন্টের ফাইনালে উরুগুয়ের কাছে ১-০ গোলে হেরে যায়।
আগামী রবিবার কলম্বিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পর দলটি এখন আত্মবিশ্বাসে ভরপুর।