বিপিএল দিয়েই চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি সাড়ছেন নবি

এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের হয়ে খেলেছেন আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ নবি। টি-টোয়েন্টি ফরম্যাট হলেও বিপিএল খেলার মাধ্যমে আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি সাড়ছেন তিনি।

চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে এই আফগান অলরাউন্ডারের ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের কথা।

বিপিএলে আগামীকাল ফরচুন বরিশাল খেলবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। আজ সংবাদ সম্মেলনে বরিশাল দলের পক্ষ থেকে এসেছিলেন নবি।

টি-টোয়েন্টির মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি প্রসঙ্গে নবি বলেন, 'এখন ফোকাস বিপিএলে। এখান থেকে ফিরে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভাববো। তবে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। শরীর, মন ও ফিটনেস যেন ঠিক থাকে। পরবর্তী টুর্নামেন্টে ফরম্যাট ওয়ানডে। ১০০ ওভারের ম্যাচ নিয়েও ভাবতে হচ্ছে। এ কারণে ফিটনেস নিয়ে বেশি কাজ করছি। অনুশীলনে লম্বা সময় ব্যাটিং-বোলিং করছি, যা সামনে কাজে লাগবে।’

ফরম্যাট ভিন্ন হলেও প্রস্তুতিতে ঘাটতি রাখছেন না নবি। তার মতে দুই ফরম্যাটে মানিয়ে নেয়ার বিষয়টি আসলে মানসিকতার। 'এটা পুরোটাই মানসিকতার ব্যাপার। ওই যে বললাম, নিজের শরীরকে ওয়ানডের জন্য তৈরি করছি। যাতে বিপিএলের প্রস্তুতিও হয়, চ্যাম্পিয়ন্স ট্রফিরও হয়।'

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে আয়োজক পাকিস্তানের সঙ্গে 'এ' গ্রুপে আছে ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। 'বি' গ্রুপে আফগানিস্তানের সঙ্গী অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।