মোহামেডানের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হারালো আবাহনী

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০৬:৩০ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে নবম রাউন্ডের ম্যাচে হেরেছিল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মোহামেডান। ফলে আবাহনীর সামনে সুযোগ ছিল আজ শনিবার ব্রাদার্সকে হারিয়ে পয়েন্টের ব্যবধান দুইয়ে নামিয়ে আনার। সেটা করতে দেয়নি ব্রাদার্স। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে আবাহনী ও ব্রাদার্সের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

ড্র হওয়াতে আবাহনী পেয়েছে এক পয়েন্ট। তাতে মোহামেডানের সঙ্গে পয়েন্টের ব্যবধান এখন চার। জিতলে ব্যবধান থাকতো মাত্র দুই।

আবাহনীর গোলকিপার মিতুল মারমা দারুণ পারফরম্যান্স করেছেন। ম্যাচের সপ্তম মিনিটে গোলের সুযোগ পায় আবাহনী। ডান প্রান্ত দিয়ে শাহরিয়ার ইমনের ক্রসে মোহাম্মদ ইব্রাহিম হেড করলে তা পোস্টে লাগে।

৩৭ মিনিটে কিংসলের সঙ্গে বল নিয়ন্ত্রণ করতে গিয়ে মাটিতে পড়েন মিতুল মারমা। রেফারি কিংসলেকে হলুদ কার্ড দেখান। তাতে করে ডাগ আউট থেকে বেরিয়ে ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান ক্ষোভ প্রকাশ করেন।

৮২ মিনিটে রহমত মিয়ার লং রেঞ্জ শট মিতুল পোস্ট ছেড়ে বেরিয়ে এসে ক্লিয়ার করেন, না হলে বিপদ হতে পারতো। ৮৯ মিনিটে কৌশিক বড়ুয়ার ফ্রি-কিকে বল ক্লিয়ার করে ফের আবাহনীকে রক্ষা করেন মিতুল।

দিনের অন্য ম্যাচে কিংস অ্যারেনাতে ফর্টিস এফসি ১-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে। ৩৪ মিনিটে গাম্বিয়ান ডিফেন্ডার ইসা জালো একমাত্র গোলটি করেন।

লিগে আবাহনী ৯ ম্যাচে ৬ জয় ও দুই ড্রতে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। সমান ম্যাচে মোহামেডানের ২৪ পয়েন্ট। ব্রাদার্স ইউনিয়ন চার জয় ও তিন ড্রতে ১৫ পয়েন্টে আগের মতোই পঞ্চম স্থানে। ফর্টিস ৯ ম্যাচে ১১ পয়েন্টে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। চট্টগ্রাম আবাহনী অষ্টম হারে, ৩ পয়েন্টে সবার শেষে। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ১৭ পয়েন্টে আছে তিন নম্বরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত