ভোলায় জামায়াত সেক্রেটারি

বড় সংস্কার একটা নির্বাচিত সরকার করবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাষ্ট্রের সবগুলো অর্গান, সমস্ত বিভাগ করাপ্টটেড হয়ে গেছে। এত বড় সংস্কার এত অল্প সময়ের মধ্যে সম্ভব নয়। এটা একটা নির্বাচিত সরকার করবে। তবে নির্বাচনের সঙ্গে যে বিভাগগুলো জড়িত তা আগে সংস্কার করতে হবে।’

গতকাল শনিবার সকালে ভোলা সরকারি স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখা আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পুলিশ প্রশাসন, নির্বাচন পদ্ধতি, জুডিশিয়ারি, সংবিধান, জনপ্রশাসনসহ ছয় থেকে সাতটি সেক্টরে সংস্কার না করে কোনো নির্বাচন নিরপেক্ষ হবে না। সংস্কার কমিশনের রিপোর্ট বিবেচনা করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনে ৬ মাস পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা যদি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ১৫ বছর অপেক্ষা করতে পারি, আর একটা ভালো নির্বাচনের জন্য দুই চার মাস আগে হলো কি না পরে হলো সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ নির্বাচনটা নিরপেক্ষ হবে কি না। ততটুকু সময় দিতে জামায়াতে ইসলামী রাজি আছে।

ভোলা জেলা জামায়াতের আমির মাস্টার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল, বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি চট্টগ্রাম জেলার আমির কেন্দ্রীয় মজলিশে সুরার সদস্য আবু জাফর মো. ওবায়দুল্লাহ, বরিশাল অঞ্চল টিমের সদস্য একেএম ফখরুদ্দিন রাজি খাম, কেন্দ্রীয় গবেষণা সেলের সদস্য সাবেক জেলা আমির মাওলানা ফজলুল করিমসহ স্থানীয় নেতারা।

কর্মী সমাবেশে জেলার সাত উপজেলা থেকে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেছে। দীর্ঘ ১৮ বছর পর প্রকাশ্য ময়দানে অনুষ্ঠিত এই সমাবেশকে ঘিরে দ্বীপজেলা ভোলায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।