ডিএমপি কমিশনার বললেন

শিক্ষার গুণগত মানের দিকে দৃষ্টি দিতে হবে

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দেখা যাচ্ছে পাসের হার মাত্র ১০ শতাংশ। অথচ এই শিক্ষার্থীরাই ক্লাস পরীক্ষায় ৯৫ বা ১০০ নম্বর পাচ্ছে। আসলে শিক্ষার গুণগত মানের দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। গতকাল শনিবার রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ক্লাসের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষাও দিতে হবে। সততা, নম্রতা, গুরুজনে শ্রদ্ধা ও অন্যায় বা দুর্নীতি না করার শিক্ষা দিতে পিতামাতার পাশাপাশি শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। দেশকে গড়ে তুলতে হলে নীতি-নৈতিকতাসম্পন্ন মানুষ হওয়ার বিকল্প নেই।

অভিভাবকদের উদ্দেশে নগর পুলিশপ্রধান বলেন, আপনারা বাচ্চাদের ছোট ছোট ভুল ত্রুটি ধরিয়ে দেবেন। অন্যথায় বাচ্চারা ছোট ছোট ভুল করতে করতে বড় ভুল করে ফেলতে পারে। তাছাড়া বাচ্চারা কাদের সঙ্গে চলাফেরা করছে সেদিকেও দৃষ্টি দিতে হবে। তিনি আরও বলেন, মাতৃভাষার পাশাপাশি সবাইকে ভালোভাবে ইংরেজি শিখতে হবে। বিদেশি ভাষা বলে ইংরেজিকে অবহেলা করা যাবে না। বিশ্বায়নের এই যুগে মাতৃভাষা ভালোভাবে রপ্ত করার পাশাপাশি ভালো করে ইংরেজি শেখার বিকল্প নেই।