চট্টগ্রামে ডাকাত ধরতে গিয়ে মিলল থানা থেকে লুটের গুলি-কার্তুজ

চট্টগ্রাম নগরে অভিযান চালিয়ে ‘ডাকাতের’ আস্তানা থেকে ১৬ রাউন্ড গুলি, এক রাউন্ড কার্তুজসহ  দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, এসব অস্ত্র-গুলি গত বছরের ৫ আগস্ট  শেখ হাসিনা সরকার পতনের দিন বিভিন্ন থানা থেকে লুট করা হয়েছিল। 

গতকাল শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আগ্রাবাদ ডেবার পাড় এলাকা থেকে এসব গুলি উদ্ধার করা হয়। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ জানান, শাহজালাল নামে এক ডাকাতকে ধরতে অভিযানে গিয়ে তাকে সেখানে পায়নি পুলিশ।  

এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় একটি শপিং ব্যাগ থেকে ১৬ রাউন্ড গুলি, এক রাউন্ড কার্তুজ, একটি ধামা, একটি রামদা, একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো ছোরা ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন নগরের ৮টি থানা ও ৮টি ফাঁড়িতে ব্যাপক তাণ্ডব চালায় দুর্বৃত্তরা।

এ সময় অধিকাংশ থানা ভবনে অগ্নিসংযোগ করে অস্ত্রাগার থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।