মুন্সীগঞ্জে খামারের ১১ ভেড়াকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জ সদরের মিরকাদিমে একটি ডেইরি ফার্মে রাতে দুর্বৃত্তরা ১১টি ভেড়াকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাত ২টা থেকে গতকাল রবিবার ভোর পর্যন্ত কোনো সময় মিরকাদিম পৌরসভার গোয়ালঘূর্ণি এলাকার বিসমিল্লাহ ডেইরি অ্যান্ড বিফ ফ্যাটেনিং ফার্মে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ভেড়ার মধ্যে দুটি ছিল ৪ মাসের অন্তঃসত্ত্বা ও ৪টি বাচ্চা। 

ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা ওই ফার্মে ছুটে আসেন। এলাকাবাসী বলছেন শত্রুতা থাকলে মানুষের সঙ্গে থাকতে পারে। এজন্য বোবা প্রাণীগুলোকে কেউ এভাবে হত্যা করে। 

ফার্মের দেখভালের দায়িত্বে থাকা শ্রমিক মো. মামুন জানান, ফার্মের আশপাশে স্থানীয় মাদকসেবীরা মাদক সেবন করত, আড্ডা দিত। মাদক সেবনে তাদের নিষেধ করা হয়। তারাই ক্ষিপ্ত হয়ে রাতের আঁধারে ভেড়াগুলোকে নির্মমভাবে হত্যা করে থাকতে পারে। মামুন বলেন, ‘শনিবার রাত ২টার দিকে কুকুরের ডাকাডাকিতে ঘুম ভেঙে যায়। তখন ফার্মের ভেতরে গিয়ে ভেড়াগুলোকে সুস্থ দেখতে পেয়েছিলাম। এরপর ঘুমিয়ে যাই। রবিবার ভোরে ঘুম থেকে উঠে ফার্মে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় ভেড়াগুলো পড়ে আছে।’

খামারের স্বত্বাধিকারী মো. আশিক বলেন, ‘৫ বছর ধরে আমি ভেড়া পালন করে আসছি। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। কারা কী কারণে বোবা প্রাণীগুলোকে এভাবে হত্যা করেছে আমি জানি না। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার চাই।’

এ ব্যাপারে সদর থানার ওসি সাইফুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।