পঞ্চগড়ে নিয়োগ-বাণিজ্য, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জেলা, দায়রা জজসহ আদালতের চার বিচারকের অপসারণ দাবিতে আদালতের মূল ফটকে তালা মেরে ঘেরাও কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলার নেতাকর্মীরা। গতকাল রবিবার দুপুর আড়াইটা থেকে বিক্ষোভকারীদের ঘেরাও কর্মসূচি চলাকালে আদালত চত্বরের ভেতরে বিচারক, আইনজীবী, কর্মকর্তা কর্মচারী, পুলিশসহ বিচারপ্রার্থীরা আটকা পড়েন।
বেলা ৩টার দিকে তারা আদালতের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে। চরম দুর্ভোগে পড়েন পথচারীরা।
আন্দোলনকারীরা বলেন, কর্মচারী নিয়োগ-বাণিজ্যের অভিযোগে আদালতের জেলা ও দায়রা জজ গোলাম ফারুক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ম-ল, বিচারক আশরাফুজ্জামান, আবু হেনাসহ চার বিচারকের অপসারণে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল। তিন দিনেও কেউ কোনো পদক্ষেপ না নেওয়ায় আদালত ঘেরাও ও অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।
পঞ্চগড় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বী বলেন, ‘বিচারকদের অপসারণে আমরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম। তিন দিনেও গুরুত্ব দেওয়া হয়নি। সন্ধ্যার মধ্যে অভিযুক্ত বিচারকদের অপসারণ না করলে আমাদের কর্মসূচি চালিয়ে যাব।’
গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই কর্মসূচি চলছিল।